শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকমুক্ত ও স্বনির্ভর দেশ গড়ার ডাক আমান উল্লাহ আমানের

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকমুক্ত ও স্বনির্ভর দেশ গড়ার ডাক আমান উল্লাহ আমানের
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬



প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাদকমুক্ত ও স্বনির্ভর দেশ গড়ার ডাক আমান উল্লাহ আমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মাদকমুক্ত ও স্বনির্ভর দেশ গড়ার ডাক দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমান উল্লাহ আমান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে ইটাভাড়া পোস্ট অফিসের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সমাজকে মাদকমুক্ত করা, সামাজিক সচ্ছলতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার রাষ্ট্রের ক্ষুদ্র অংশ। বাংলাদেশের সকল পরিবার নিয়েই রাষ্ট্র। পরিবার যদি নষ্ট হয়ে যায়, তবে রাষ্ট্র ব্যর্থ হবে, ভালো রাষ্ট্র থাকবে না।

তিনি আরও বলেন, মাদকাসক্তরা ঘরে উন্মাদের মতো আচরণ করে, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকাসক্তদের সঠিক পথে ফিরিয়ে আনতে এবং সমাজে সচেতনতা তৈরি করতে পাড়া-প্রতিবেশী ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রতিটি পরিবার যদি ছোট একটি উদ্যোগ ও চেষ্টা চালায়, তবে দেশ থেকে দ্রুত দারিদ্র্য দূর হবে এবং বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল আতিয়া সুলতানা, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক।

এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন। পরে বৃক্ষরোপণ করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৪৯   ৬৮ বার পঠিত