রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে : ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে : ভূমিমন্ত্রী
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে এবং এ জন্য রাজশাহীর বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

আজ রোববার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিল মাছ চাষের উপযোগী করে গড়ে তোলা হবে। স্থানীয় চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এ জন্য আমরা সবসময় চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করে থাকি।

তিনি আরও বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে এবং কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় অবস্থানেও রয়েছে। আগামী দিনে এ খাত আরও এগিয়ে যাবে। রাজশাহীর চাষিরাও মাছ উৎপাদন ও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বে মিঠা পানির গুরুত্ব আরও বাড়বে। বাংলাদেশের মিঠা পানির বড় মজুত রয়েছে, যা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে।

ভূমিমন্ত্রী বলেন, আগামী দিনে কয়েকটি খাতের মধ্যে মৎস্য খাতেও বাংলাদেশ বিশ্বে সবচেয়ে এগিয়ে যাবে। তাই এখন থেকেই দেশের তরুণ প্রজন্মকে শিক্ষা ও দক্ষতার মাধ্যমে এ অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে।

এর আগে মন্ত্রী রাজশাহীর কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, এবার ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উদযাপন করা হচ্ছে।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন এবং রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬:৫৩:৪৯   ২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


কুতুবপুরে বায়ুদূষণের দায়ে ৩ রোলিং মিলকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা
সদরপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
বোয়ালমারী হিসাবরক্ষণ অফিসের অডিটরের বিরুদ্ধে শিক্ষকের নিকট থেকে ঘুষ নেওয়ার অভিযোগ
সরিষাবাড়ীতে মনোহরী বণিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন: রঞ্জু সভাপতি, ঝন্টু সম্পাদক
নারায়ণগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও পোনা অবমুক্তকরণ
ভুল প্রচার সামাজিক মাধ্যমে: সরিষাবাড়ীতে সৎ মা নয়, প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়ায় পালিয়েছিল তরুণ
তামিম বললেন ‘তানজিদ বগুড়ার’, প্রধানমন্ত্রীর জবাব ‘ও বাংলাদেশের ছেলে’
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রচলিত সংবিধান অনুযায়ীই আমাদের চলতে হবে : গয়েশ্বর চন্দ্র রায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ