রবিবার, ১৬ আগস্ট ২০২৬

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ফরিদপুর মহিলা পরিষদের মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ফরিদপুর মহিলা পরিষদের মানববন্ধন
রবিবার, ১৬ আগস্ট ২০২৬



নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ফরিদপুর  মহিলা পরিষদের মানববন্ধন

ফরিদপুর জেলা প্রতিনিধি: সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়। সাধারণ সম্পাদক হোসনে আরা বেগমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রুমা খন্দকার, প্রীতি কনা রাহা, সুফিয়া ইয়াসমিন লিপি, ডিউবি শিকদার, রুবিয়া মিল্লাত, রুমা সাহা, আসমা আক্তার মুক্তাসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা সারাদেশে নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, দিন দিন ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। কিন্তু এসব ঘটনার কার্যকর ও দৃশ্যমান প্রতিকার এখনো যথেষ্ট নয়। ছয় বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা—কেউই যেন নিরাপদ নয়।

বক্তারা বলেন, এ পরিস্থিতি কোনোভাবেই চলতে দেওয়া যায় না। নারী ও শিশু নির্যাতন বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করারও দাবি জানান তারা।
এ সময় কিশোর গ্যাংয়ের অপরাধ নির্মূলে সামাজিক ও প্রশাসনিকভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারী-পুরুষের সমান অংশীদারিত্বের ভিত্তিতেই একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। কোনো নারী বা শিশু যেন সমাজে নির্যাতনের শিকার না হয়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৫৯   ৪ বার পঠিত