সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বোয়ালমারীতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোয়ালমারীতে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০
সোমবার, ১৭ আগস্ট ২০২৬



---

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। দুর্ঘটনায় বাসটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়। এতে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পাইকহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরগামী লোকাল যাত্রীবাহী বাসটির (ফরিদপুর-ব-১১০৫২) সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। অন্যদিকে ট্রাকটি রাস্তার পাশে থাকা বিদ্যুৎ সাবস্টেশনের গেটসংলগ্ন খুঁটিতে ধাক্কা লেগে আটকে যায়।

দুর্ঘটনায় বাস ও ট্রাকের চালক-হেলপারসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। বিকেল সোয়া ৪টা পর্যন্ত এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। সংঘর্ষের পর ট্রাকটি রাস্তার পাশে চলে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে সড়কের দুই পাশে থাকা তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর দুর্ঘটনাস্থলে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়।

বোয়ালমারী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম উৎপল মণ্ডল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত দেখতে পেয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মো. কোবায়েদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহযোগিতায় সড়ক পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনায় বাসটি খাদে উল্টে পড়ে এবং ট্রাকটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। উভয় যানবাহনের চালক ও হেলপার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৫৫   ৯৯ বার পঠিত