আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় মাহমুদ আজহারীর শিক্ষার্থীদের শতভাগ সাফল্য

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় মাহমুদ আজহারীর শিক্ষার্থীদের শতভাগ সাফল্য
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় মাহমুদ আজহারীর শিক্ষার্থীদের শতভাগ সাফল্য

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়-এ অনার্সে ভর্তির প্রস্তুতিমূলক ‘হাদাসাতুল মুওয়াহ্হাল’ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শতভাগ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ আজহারী।
গত ১৮ আগস্ট ২০২৬ নিজের এক ফেসবুক পোস্টে তিনি এ সাফল্যের কথা জানান। তিনি বলেন, তাঁর কাছে পড়া শিক্ষার্থীদের মধ্যে যারা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অনার্স অ্যাডমিশনের জন্য ‘হাদাসাতুল মুওয়াহ্হাল’ পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের প্রত্যেকেই অত্যন্ত সুনামের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। একজনও বাদ পড়েনি।
শিক্ষার্থীদের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাহমুদ আজহারী লেখেন, একজন শিক্ষক বা মেন্টর হিসেবে এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে। তিনি এ অর্জনের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পোস্টে তিনি জানান, ২০২৩ সাল থেকে আল-আজহারে নিজের পড়াশোনা ও ফলাফল ঠিক রাখার পাশাপাশি শিক্ষার্থীদেরও পড়িয়ে আসছেন। শিক্ষকতার শুরুর দিকে কিছুটা নার্ভাস লাগলেও শিক্ষার্থীদের ভালো ফলাফল তাঁকে নিয়মিত উৎসাহিত করেছে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে তাঁর কাছে পড়া ব্যাচগুলোর ফলাফলের কথাও তুলে ধরেন মাহমুদ আজহারী। এর মধ্যে সানাবিয়া সালেসের শিক্ষার্থীরা সাড়ে পাঁচশ’র বেশি নম্বর পেয়ে নিজেদের লক্ষ্য অর্জন করেছে এবং কুল্লিয়াহর প্রথম বর্ষের শিক্ষার্থীরাও প্রত্যাশা অনুযায়ী সেরা ফলাফল ধরে রাখতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।
মাহমুদ আজহারী বলেন, তিনি হয়তো শিক্ষার্থীদের সামান্য দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করেছেন; তবে প্রকৃত পরিশ্রম করেছেন তাঁর প্রিয় শিক্ষার্থীরাই। তাঁদের কঠোর অধ্যবসায় তাঁকে আনন্দিত ও গর্বিত করেছে।
তিনি আরও জানান, সাধারণত তিনি ছোট পরিসরে ব্যাচ পরিচালনা করেন এবং সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী নিয়ে একটি ব্যাচ চালু করেন। তাঁর লক্ষ্য থাকে—প্রত্যেক শিক্ষার্থী যেন ভালো ফলাফল অর্জন করতে পারে এবং নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।
শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্যের জন্য তিনি সব প্রশংসা মহান আল্লাহ তাআলার প্রতি নিবেদন করে বলেন, আল্লাহর অশেষ রহমত ছাড়া এ ধারাবাহিক সাফল্য সম্ভব হতো না। তিনি শিক্ষার্থীদের অর্জন কবুল করা, তাঁদের ইলমে বরকত দেওয়া এবং ভবিষ্যৎ পথচলা আরও সহজ ও সাফল্যমণ্ডিত করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
উল্লেখ্য, আব্দুল্লাহ আল মাহমুদ আজহারী ফরিদপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদীর জ্যেষ্ঠ পুত্র। বর্তমানে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়-এর ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি নিয়মিত শিক্ষার্থীদের পাঠদান ও একাডেমিক দিকনির্দেশনা দিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪৯   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ