![]()
কালকিনি প্রতিনিধি : মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার সরকারের ভালো কাজের সমালোচনাকারীদের উদ্দেশে বলেছেন, দেশকে ভালোবেসে প্রধানমন্ত্রী তারেক রহমান দৈনিক ১৮ ঘণ্টা পরিশ্রম করে যাচ্ছেন।
আর আপনারা রাজনৈতিক নেতা বা কর্মী হয়ে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা না থাকলে দয়া করে রাজনীতি ছেড়ে দিন।
আজ শুক্রবার সকালে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের এইচ অ্যান্ড সি জেনারেল হাসপাতালে আয়োজিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমালোচনাকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বললে জনগণ মনে করবে আপনারা দেশপ্রেমিক। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মাইক পেলেই যার তার বিরুদ্ধে ভিত্তিহীন সমালোচনা করলে জনগণের রোষানলে পড়তে হবে। কারণ বাংলাদেশের মানুষ বোঝে কার স্বার্থে এবং কিসের জন্য আপনারা এসব করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মাহবুবুর রহমান পবলু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম এবং কালকিনি উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মিজানুর রহমান।এছাড়া যুবদল নেতা মামুন শিকদার ও শামীম মোল্লা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদারসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫:৩১:২৯ ৫ বার পঠিত