![]()
রাজধানীর চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২১ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ ঢাকার আশপাশের নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থাকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। নদীর পাড় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে।
বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ডিএসসিসির এমন আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, নদী ও নগরের ঐতিহ্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচের আয়োজন একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি বলেন, আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।
তিনি জানান, রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ নানা কর্মসূচির মাধ্যমে ঢাকার ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হচ্ছে। আবদুস সালাম আরও বলেন, কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক নির্মাণ এবং নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পও নেওয়া হচ্ছে।
‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত বুড়িগঙ্গার নৌকা বাইচে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি দল অংশ নেয়। খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে ভেড়ানো শতবর্ষী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৬:০০:৩১ ১২ বার পঠিত