
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কবিতার রাজ্যে কে বড় কবি আর কে ছোট কবি, সেই তারতম্য নেই। প্রত্যেকেই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট হয়ে সেখানে বিচরণ করেন।
আজ রাতে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজেকে সাহিত্য বা কবিতার তাত্ত্বিক ব্যক্তি নন উল্লেখ করে রিজভী বলেন, ‘শাহিন রেজা আমাকে যেভাবে উপস্থাপন করেছেন, আমি মোটেও কবিতা বা সাহিত্যের লোক নই। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, এর ব্যাকরণটাও আমি জানি না। টেলিভিশন ও প্রযুক্তির কল্যাণে পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্য নিয়ে যেসব আলোচনা শুনি, সেগুলোর আঙ্গিক সম্পূর্ণ ভিন্ন।’
কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, ‘ছোটবেলায় মনে করতাম কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাদের চলাফেরা ও কথাবার্তা একটু ভিন্ন ধরনের। এমনও ধারণা ছিল, কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না। কিন্তু স্টালিনকে দেখে সেই ধারণা বদলে গেছে। কবিরাও অত্যন্ত স্মার্ট ও পরিষ্কার-পরিচ্ছন্ন হন।’
কবি রেজাউদ্দিন স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে রিজভী বলেন, সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা হলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কেউ হতেন কি না সন্দেহ।
তিনি আরও বলেন, ‘স্টালিন অত্যন্ত সামাজিক মানুষ। আমরা প্রায়ই দীর্ঘ সময় আড্ডা দিই। কিন্তু এর মধ্যেও স্ত্রী ও কন্যার কথা, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার বিষয়গুলো তার মাথায় থাকে। দিনশেষে বাজার নিয়ে বাড়ি ফেরেন। এটি তার অসাধারণ একটি গুণ।’
কবিতার প্রেরণা প্রসঙ্গে নিজের এক বাংলা শিক্ষকের স্মৃতিচারণ করে রিজভী জানান, কবিদের জীবনে নানা ধরনের প্রেরণা আসে। তার এক শিক্ষক কবিতার প্রেরণা ও ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছিলেন। ওই শিক্ষকের কথা আজও তার মনে রয়েছে।
এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, তিনি কবিতার গভীরে যেতে না পারলেও একজন কাব্যরসিক ও কাব্যপ্রেমী। আন্দোলন ও কারাবাসের দিনগুলোতে কবি মোহন রায়হানের উদ্দীপনামূলক কবিতা তাদের অনুপ্রাণিত করত।
তিনি বলেন, সেসময় ভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অভিন্ন লক্ষ্যে সবাই একত্রিত হয়েছিলেন। বন্ধু ও সহপাঠীদের পাশাপাশি সহপাঠিনীদের মনোযোগ আকর্ষণ করতেও তারা কবিতা আবৃত্তি করতেন।
কবি রেজাউদ্দিন স্টালিনকে ‘স্বায়ত্তশাসিত ও সার্বভৌম’ কবি হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, ‘স্টালিন তার কবিতায় এমন একটি অন্তর্জগৎ গড়ে তুলেছে, যার প্রতিফলন প্রতিটি অক্ষর ও বাক্যে ফুটে ওঠে। কখনো নিজের সার্বভৌম সত্তাকে বিসর্জন দেয়নি বলেই সে নিজস্ব একটি ধারা তৈরি করতে পেরেছে।’
বক্তব্যে ইংরেজ কবি পি বি শেলীর ‘পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড’ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর হতে আহরি বচন/আনন্দলোকে করি বিরচন’ পঙক্তি উদ্ধৃত করেন রিজভী।
তিনি বলেন, নিজের অন্তর থেকে বাণী আহরণ করে পাঠককে আনন্দলোকে বিচরণ করানোর ক্ষমতাই একজন কবির বড় সার্থকতা।
বক্তব্যের শেষে কবি রেজাউদ্দিন স্টালিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন রিজভী।
বাংলাদেশ সময়: ২৩:২৭:৩৩ ৬ বার পঠিত