
দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় পেয়েছে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে ভিয়ারিয়ালকে ৩-২ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল।
রোববার (২২ নভেম্বর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে লা লিগার ম্যাচটি অনুষ্ঠিত হয়। নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে বার্সেলোনা। পঞ্চম মিনিটে তাজন বুকাননের গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দুই মিনিট পর তানি ওলুসেইয়ের গোলে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা।
ম্যাচে ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। ২৩ মিনিটে পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল। ফলে ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় স্বাগতিকদের।
দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। ৫৭ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্দ মার্তিন। এর চার মিনিট পর ইয়ামালের পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান ফেরমিন লোপেজ।
এরপর ৬৭ মিনিটে ইয়ামালের ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান ভিয়ারিয়ালের পাউ নাভারো। তাতেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। মাত্র ১০ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের চিত্র পাল্টে দেয় কাতালানরা।
ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নাভারোকে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
এই জয়ে ১৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান আরও সুসংহত করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
বাংলাদেশ সময়: ২৩:৩৯:৪৪ ৬ বার পঠিত