ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই সমাধান : ববি হাজ্জাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই সমাধান : ববি হাজ্জাজ
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই সমাধান : ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ঢাকা-১৩ আসনের নাগরিক সমস্যার দ্রুত সমাধান, এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠায় তার নির্বাচনী এলাকার ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, এসব কমিটিতে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ কমিটি, বাড়ি মালিক সমিতি, পুলিশ, সংসদ সদস্যের কার্যালয়, ঢাকা ওয়াসা এবং ডিপিডিসিসহ সংশ্লিষ্ট সরকারি সেবা সংস্থার প্রতিনিধিরা যুক্ত থাকবেন।

এর মাধ্যমে স্থানীয় পর্যায়ের সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

রোববার রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের সংসদ সদস্যের কার্যালয় আয়োজিত ‘সাম্প্রতিক সন্ত্রাসী কার্যক্রম নির্মূলে মতবিনিময়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, এলাকার নাগরিক সমস্যার সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণ, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। তবে শুধু জনপ্রতিনিধি বা প্রশাসনের ওপর নির্ভর করলেও হবে না; স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সব সেবা সংস্থাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। এ লক্ষ্যেই ঢাকা-১৩ আসনের ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই, মহল্লার মানুষকে তাদের ছোট ছোট নাগরিক সমস্যা নিয়ে বারবার বিভিন্ন দপ্তরে ছুটতে না হোক। এলাকার সমস্যা এলাকার নাগরিক কমিটিকে জানাবেন। সেখানে পুলিশ, ওয়াসা, ডিপিডিসি ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধি থাকবেন। তারা বিষয়গুলো শুনে সমন্বয় করবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন।

সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি কিংবা অন্য কোনো অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ববি হাজ্জাজ বলেন, আমরা দীর্ঘদিন নানা ত্যাগ ও প্রতিকূলতার মধ্য দিয়ে এসেছি। এখন আমাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের কারণে এলাকার পরিবেশ নষ্ট করা যাবে না। আমরা সবাই একসঙ্গে থাকলে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এলাকার শান্তি নষ্ট করতে পারবে না।

মামলা ও আইনি হয়রানির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণের কারণে যেসব নেতাকর্মী মামলা ও আইনি জটিলতার মুখোমুখি হচ্ছেন, তাদের সুনির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংসদ সদস্যের কার্যালয়ে জমা দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।

এলাকায় অপরাধ দমনে প্রশাসনের ভূমিকার পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কোথাও কোনো অন্যায় বা অপরাধ সংঘটিত হলে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণসহ তাৎক্ষণিকভাবে তাকে বা তার কার্যালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে মহল্লা কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধ হিসেবে কাজ করবে।

সভায় প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ শোনেন এবং আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা ও অন্যান্য সমস্যার তালিকা তার কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, ৭০টি মহল্লার নাগরিক কমিটির মাধ্যমে স্থানীয় সমস্যাগুলো দ্রুত চিহ্নিত হবে, সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়বে এবং ঢাকা-১৩ আসনকে আরও নিরাপদ, বাসযোগ্য ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), এসআরবির প্রতিনিধি (এএসপি), মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা-১৩ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন থানার বিএনপি নেতৃবৃন্দ, স্থানীয় কর্মী ও সাধারণ জনগণও সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৩১   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার
জাতীয় ঐক্যে যেতে সরকারকে যে শর্ত দিল এনসিপি
ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই সমাধান : ববি হাজ্জাজ
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই : রুহুল কবির রিজভী
পতিত দল আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ পাবে না : খোকন
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ