বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার

প্রথম পাতা » খেলাধুলা » বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
শনিবার, ২২ আগস্ট ২০২৬



বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার

বিশ্বকাপ ফাইনালে হারের পর স্প্যানিশ ফুটবলারদের গায়ে হাত তোলার অপরাধে আর্জেন্টিনার তিন খেলোয়াড়কে কঠোর শাস্তি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর মধ্যে সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস—তাঁকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার জন্য এই শাস্তি পেলেন পারেদেস।

পারেদেস ছাড়াও আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদাকে ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তির পাশাপাশি পারেদেস ও মলিনাকে ৯০ হাজার ডলার (প্রায় ১ কোটি ১০ লাখ টাকা) এবং আলমাদাকে ৩০ হাজার ডলার (প্রায় ৩৭ লাখ টাকা) জরিমানা করেছে ফিফা।

আন্তর্জাতিক ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত আর্জেন্টিনার মোট ১০টি ম্যাচ রয়েছে। ফলে এই ১০ ম্যাচের নিষেধাজ্ঞা মূলত আগামী এক বছরের জন্য আর্জেন্টিনা দল থেকে পারেদেসের বহিষ্কারের সমান। সূচি অনুযায়ী কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট না থাকায় এই ১০টি ম্যাচই হতে পারে প্রীতি ম্যাচ।

স্পেনের তরুণ তারকা গাভিকেও ১ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে আগামী ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে স্পেনের নেশনস লিগের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো আয়ালাকেও ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

এ ছাড়া বিশ্বকাপ চলাকালে নানা বিশৃঙ্খলা ও শৃঙ্খলাভঙ্গের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) ৩ লাখ ২১ হাজার ডলার (প্রায় ৩ কোটি ৯২ লাখ টাকা) জরিমানা করেছে ফিফা। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর খেলোয়াড়দের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন এবং গ্যালারিতে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগানের কারণেই এই শাস্তি দেওয়া হয়। এএফএকে জরিমানার এক লাখ ডলার বর্ণবাদবিরোধী বিভিন্ন প্রকল্পে খরচের নির্দেশ দিয়েছে ফিফা। উল্লেখ্য, বিশ্বজয়ের এই আসর থেকে প্রাইজমানি হিসেবে ফিফার কাছ থেকে ৩ কোটি ৪০ লাখ ডলার পেয়েছে আর্জেন্টিনা।

এ ছাড়া আর্জেন্টিনাকে ঘরের মাঠে পরবর্তী দুটি ম্যাচ খেলতে হবে ধারণক্ষমতার অর্ধেক দর্শকের সামনে।

আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই শাস্তির বিরুদ্ধে আপিল করবে তারা। আপিল প্রত্যাখ্যাত হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাওয়ার পরিকল্পনাও আছে তাদের।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩০   ৭৬ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন
খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ