
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
আজ সোমবার দুপুরে জেলার কলমাকান্দায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলমাকান্দা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
ডেপুটি স্পিকার স্পষ্ট জানিয়ে দেন, টাকার বিনিময়ে ভাতা বা কার্ড বিতরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও বিভাগীয় মামলা রুজু করা হবে।
কার্ড বিতরণের মানদণ্ড তুলে ধরে তিনি বলেন, তিন কাঠা জমির মালিক বা প্রান্তিক ও অভাবি কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। কোনো অবস্থাতেই দোতলা ভবনের মালিক বা অকৃষকদের এই সুবিধা দেওয়া যাবে না।
জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত স্বচ্ছ কমিটির মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি। সরকারি কর্মচারীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জনগণের করের টাকায় বেতন পাওয়া কর্মচারীদের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সততার সাথে দায়িত্ব পালনে ব্যর্থদের প্রয়োজনে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান ভূইয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৪৪:৩৫ ২ বার পঠিত