
নারায়ণগঞ্জে অটোরিকশাচালক জামাল হত্যা মামলার প্রায় ১৫ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। এতে একজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।
মামলায় মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. আকাশ আহম্মেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর দুই আসামি মো. আরাফাত খান ওরফে শান্ত ও মো. খোকন মিয়াকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৩ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের প্রেসিডেন্ট রোডের আমলাপাড়ায় মো. কাউছার ইকবালের বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছন থেকে বস্তাবন্দি অবস্থায় অটোরিকশাচালক জামালের মরদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে তার চালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। পরে র্যাব-১১ অভিযান চালিয়ে মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুসহ চারজনকে আটক করে।
এ ঘটনায় নিহত জামালের স্ত্রী সখিনা বেগম বাদী হয়ে ২০১১ সালের ১৮ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে মনিরুল ইসলাম রঞ্জুসহ চারজনের বিরুদ্ধে একই বছরের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জুকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং ২ নম্বর আসামি মো. আকাশ আহম্মেদকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ জানান, আদালতের রায়ে দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। অন্যদিকে ৩ নম্বর আসামি মো. আরাফাত খান ওরফে শান্ত এবং ৪ নম্বর আসামি মো. খোকন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৪৮:০৭ ৪ বার পঠিত