সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬

মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬



মানসম্মত ও অর্থবহ কানেক্টিভিটিই সরকারের মূল লক্ষ্য - আইসিটি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কেবল সংযোগ বাড়ানো নয় বরং গুণগত, সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও অর্থবহ কানেক্টিভিটি নিশ্চিত করাই বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্য।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (APT)-এর ওয়্যারলেস গ্রুপের ৩৭তম সভা (AWG-37)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ২০২৬ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে মোবাইল সাবস্ক্রিপশন সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯১ মিলিয়নে, যার মধ্যে ১০৮ মিলিয়নের বেশি গ্রাহক 4G সেবা ব্যবহার করছেন। দেশের যোগাযোগ অবকাঠামোর চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশে ৪৯ হাজারেরও বেশি 4G সাইট, প্রায় ৪৬ হাজার টাওয়ার এবং ১ লাখ ৭৩ হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক রয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো শক্তিশালীকরণ, সুস্থ প্রতিযোগিতা নিশ্চিতকরণ এবং সেবা সাশ্রয়ী করতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার নিরাপত্তা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও 5G-সহ ভবিষ্যৎ প্রযুক্তিতে দেশের সক্ষমতা বাড়িয়ে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। AWG-কে আন্তর্জাতিক সহযোগিতা ও প্রযুক্তিগত প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করে তিনি এর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, দ্রুত পরিবর্তনশীল টেলিযোগাযোগ খাতের সুফল পেতে সময়োপযোগী নীতি, আধুনিক অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন অপরিহার্য। APT-এর সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব বাংলাদেশের প্রযুক্তি বিনিময়ে বড় ভূমিকা রাখছে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন APT-এর সেক্রেটারি জেনারেল Dr. Masanori Kondo, AWG-এর সভাপতি Dr. Daejung Kim, বিটিআরসির ভাইস চেয়ারম্যান, কমিশনারবৃন্দ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উচ্চপর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই AWG-37 সভায় বেতার যোগাযোগ, স্পেকট্রাম ব্যবস্থাপনা, উদীয়মান প্রযুক্তি, নেটওয়ার্ক ব্যবস্থাপনা ও আইনি কাঠামো নিয়ে আঞ্চলিক সুপারিশ প্রণয়ন করা হবে। বাংলাদেশে এ সভার আয়োজন দেশের টেলিযোগাযোগ খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও আঞ্চলিক অংশগ্রহণকে আরও শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬:০০:০৫   ৩০ বার পঠিত