
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধে জড়িত ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে মো. হোসেন মিয়া (২৪), মো. নাজমুল (২৬), মো. আসাদ মিয়া (৪২), মো. কামরুল ইসলাম (২২), মো. রাজু আহমেদ (১৯), মো. মোশারফ হোসেন মশা (৩৫) ও মো. আইয়ুব হোসেন বিপ্লবকে (২৬) ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মো. শুভ (২৪), মো. সবুজ (৩০) ও মো. সাজ্জাদকে (২৫) চার মাস করে, মো. রবিউল (২৫) ও মো. সাব্বির হোসেনকে (২৪) তিন মাস করে এবং মো. কবির হোসেন (৪০) ও মো. সোরওয়ারদীকে (৪০) তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে মো. ফজর আলীকে (২৮) দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:২৩:৪৫ ২ বার পঠিত