
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে কৃষ্ণপুর ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলায় নগরকান্দা স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে সদরপুর স্পোর্টিং ক্লাব একাদশ বিজয়ী হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদরপুর স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে নগরকান্দা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ শাওন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শরীফ শাওন বলেন, “খেলাধুলা, অনুশীলন ও শরীরচর্চায় অংশগ্রহণ করে তরুণদের মাদককে না বলতে হবে। তরুণরা পড়াশোনার পাশাপাশি যত বেশি খেলাধুলায় মনোযোগী হবে, ততই সামাজিক অবক্ষয়ের অন্যতম মাধ্যম জীবনঘাতী মাদক সমাজ থেকে দূর হবে।”
তিনি আরও বলেন, “সরকার শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা ও শরীরচর্চায় নানামুখী পদক্ষেপ নিয়েছে। সারা বাংলাদেশের স্কুল-কলেজের আনাচে-কানাচে ক্রীড়া অনুশীলন ছড়িয়ে দিতে আমরা কাজ করছি। যারা খেলাধুলায় পারদর্শী হবে, তাদের আরও সামনে এগিয়ে নেওয়া হবে।”
খেলাটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা এস.এম. কামরুজ্জামান মামুন তালুকদার ও সকল সদস্যবৃন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ পলাশ উদ্দিন সহকারী কমিশনার (ভূমি),সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন সাহা, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, বিএনপির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সদরপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সিকদার, কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাস,কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম (হিরু) ও মোঃ বিল্লাল হোসেন ফকির। ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃসর্দার সাইফুজ্জামান বুলবুলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বাংলাদেশ সময়: ২২:২৩:০৩ ১ বার পঠিত