
জামালপুর প্রতিনিধি : নদীর শান্ত জলরাশি, বন্ধুদের আড্ডা, গান আর শৈশবের চেনা হাসিমুখগুলো নিয়ে ভেসে চলা অনাবিল আনন্দের উদ্দেশ্যে। জামালপুরের সরিষাবাড়ীতে ৩০ বছর পূর্তি উপলক্ষে সরিষাবাড়ীর ৯৬ ব্যাচের শতাধিক বন্ধু মিলে উপভোগ করল এক সফল ও আনন্দময় নৌ-ভ্রমণ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার ঝালুপাড়া নদীর ঘাট থেকে নৌকাটি যাত্রা শুরু করে সুদূর সিরাজগঞ্জ জেলার চায়না বাঁধ এলাকার উদ্দেশ্যে। দুপুরের মধ্যেই নৌকাটি গন্তব্যে পৌঁছায়। সেখানে সহপাঠীরা বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
নৌ-ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ ছিল যমুনা নদীর বুক চিরে জেগে ওঠা একফালি চরে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ। নদীবেষ্টিত মনোরম পরিবেশে সহপাঠীদের অংশগ্রহণে ম্যাচটি প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার শেষে বিজয়ী ও বিজিত উভয় দলের মাঝে প্রীতি পুরস্কার বিতরণ করা হয়। ফুটবল ম্যাচের পর নদীতে গোসল ও জাল দিয়ে মাছ ধরার আনন্দ উপভোগ করেন সবাই। পরিশেষে নৌকায় রান্না করা খাবার খেয়ে নাচ-গানের মধ্য দিয়ে দিনটি স্মরণীয় করে সবাই নিরাপদে বাড়ি ফিরে আসেন।
ভ্রমণে আসা ৯৬ ব্যাচের দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা পুরনো বন্ধুত্ব অটুট রাখার পাশাপাশি দেশ ও সমাজের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখতে চান।
আয়োজক সোহেল রানা সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “খুবই সুন্দর ও সফলভাবে নৌ-ভ্রমণটি সম্পন্ন হয়েছে। আগামীতেও যেন এমন আয়োজন করা যায় এবং সবাই একসাথে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারি—এটাই প্রত্যাশা।”
বাঁধভাঙা উচ্ছ্বাস, শৈশবের স্মৃতিচারণ আর বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনে আয়োজিত এই বর্ণাঢ্য নৌ-ভ্রমণ এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
বাংলাদেশ সময়: ১৪:৩৬:২৫ ৩ বার পঠিত