![]()
সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় প্রায় ১০ গ্রামের মানুষের একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠটি দীর্ঘদিন ধরে আশপাশের কয়েকটি গ্রামের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রধান জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মাঠটিতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। স্থানীয়দের কাছে মাঠটি শুধু খেলার জায়গা নয়, শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশেরও অন্যতম মাধ্যম।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি সরকারের পক্ষ থেকে ওই মাঠে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে মাঠটি আর খেলার উপযোগী থাকবে না বলে আশঙ্কা করছেন তারা। এতে শিশু-কিশোর ও তরুণরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হবে। পাশাপাশি খেলার মাঠের অভাবে উঠতি বয়সী যুবসমাজ মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা সরকারের প্রতি মাঠটি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, আশ্রয়ণ প্রকল্পের প্রয়োজনীয়তা তারা অস্বীকার করছেন না। তবে খেলার মাঠটি অক্ষত রেখে প্রকল্প বাস্তবায়ন করা হলে এলাকাবাসীর কোনো আপত্তি থাকবে না। এ জন্য প্রকল্পের স্থান পুনর্বিবেচনা করে মাঠটি রক্ষার দাবি জানান তারা।
এ সময় স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন বয়সী মানুষ মাঠ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
স্থানীয়দের দাবি, একটি মাঠ হারিয়ে গেলে শুধু একটি খেলার জায়গাই হারাবে না; এর সঙ্গে কয়েকটি গ্রামের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের একটি গুরুত্বপূর্ণ সুযোগও হারিয়ে যাবে। তাই আশ্রয়ণ প্রকল্পের পাশাপাশি মাঠটি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১২:০০:৩২ ২২ বার পঠিত