
মধুখালী প্রতিনিধি:‘নজরুল বর্ষ’ উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলায় উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক,মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আকতার হোসেন মুন্সীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। তাঁর কবিতা ও গানে অন্যায়, শোষণ, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার কথা উঠে এসেছে। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য ও দর্শন তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে জানার পাশাপাশি তাঁর মানবিক ও সাম্যের চেতনাকে নিজেদের জীবনে ধারণ করার আহ্বান জানান।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুলের কবিতা, গান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬:৫৭:১৫ ১৩ বার পঠিত