
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্যের ব্যবহার, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে মো. আমজাদ হোসেন রাজুকে ছয় মাস, মো. বাদশা, মো. মিনহাজ, মো. রবিউলকে চার মাস করে এবং মো. নাজমুল ওরফে রাজু ও মো. মুরাদ হোসেনকে তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া মো. সৃজন, মো. রাসেল, মো. শাহজাহান ও হৃদয় লালকে এক মাস করে এবং মো. রহমত উল্লাহকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতির কারণ। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩:৫৯:৩০ ৬ বার পঠিত