
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় প্রকৃত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করা, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা সমাজকল্যাণ কমিটি কাজ করবে।
কমিটির কার্যক্রমে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সমাজের নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলো যাতে বাদ না পড়ে এবং প্রকৃত প্রাপ্য ব্যক্তিরাই সুবিধা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসিব বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো যাতে সরকারি সহায়তা পায়, তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে। যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করতে চাই।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে। উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ কমিটির অন্যতম প্রধান লক্ষ্য
বাংলাদেশ সময়: ২২:৫৭:১৯ ১ বার পঠিত