বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে সড়ক সংস্কার কাজ বন্ধ, খানাখন্দে চরম জনদুর্দশা, দুর্ঘটনার ঝুঁকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে সড়ক সংস্কার কাজ বন্ধ, খানাখন্দে চরম জনদুর্দশা, দুর্ঘটনার ঝুঁকি
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে সড়ক সংস্কার কাজ বন্ধ, খানাখন্দে চরম জনদুর্দশা, দুর্ঘটনার ঝুঁকি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে শক্ত ভিত্তি প্রস্তুত করার পর সড়ক সংস্কার কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। ভারী বর্ষণে সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকেরা।

​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরের ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ভাটারা বাজার আরএইচডি-রায়গঞ্জ সিসি সড়কের মেরামত কাজ শুরু হয়। ২ কোটি ৪ লাখ টাকা প্রাক্কলিত মূল্যের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রমেন্ট বিপ্লব এন্টারপ্রাইজ’। গত ১১ ফেব্রুয়ারি কাজ শুরু হয়ে ১১ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ কাজ শেষে তা বন্ধ রয়েছে।

​দীর্ঘদিন কাজ অসম্পূর্ণ থাকায় সড়কে গভীর গর্তের সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির পানি জমে পথচলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে অটোরিকশা, মোটরসাইকেল ও মালবাহী যানবাহন চলাচলে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে।

​স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন সরকার শিমুল, লুৎফর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারও মানুষ যাতায়াত করেন। সড়ক সংস্কারের বিলম্বের কারণে তাদের সময় ও অর্থ দুই-ই নষ্ট হচ্ছে। তারা দ্রুত কাজ শেষ করতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

​এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

​তবে উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, ঠিকাদারের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার জন্য এলজিইডির ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জামালপুরের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩৮   ৭ বার পঠিত