![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এক স্কুলছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে সুজন মিয়া (২৮) নামের এক বখাটে যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল উচ্চ বিদ্যালয়ের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল।
দণ্ডপ্রাপ্ত সুজন মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি বেকারি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বিদ্যালয়ে যাওয়া-আসার পথে সুজন মিয়া দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত এবং অশালীন অঙ্গভঙ্গি করে আসছিলেন। বৃহস্পতিবার সকালেও ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার পথে পুনরায় হেনস্থার শিকার হয়। পরবর্তীতে সে বিদ্যালয়ে পৌঁছে শিক্ষক ও সহপাঠীদের বিষয়টি বিস্তারিত জানায়।
ঘটনা শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে স্থানীয় বেকারি কারখানা থেকে অভিযুক্ত যুবককে ধরে এনে বিদ্যালয়ে আটকে রাখেন এবং উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি ঘটনার সত্যতা যাচাই ও প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধির ১৮৬০-এর ২৯৪ ধারায় সুজন মিয়াকে ১ বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। রায় ঘোষণার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজাপ্রাপ্ত সুজনকে জামালপুর জেলা কারাগারে পাঠিয়ে দেয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল জানান, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। ইভটিজিং বা যেকোনো ধরণের নারী হেনস্থার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১:১৭:১৪ ৭ বার পঠিত