
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢোকানো হচ্ছে, যাতে দেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে। মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ ঢাকার কেরানীগঞ্জের কালিন্দী তাজ প্যালেস ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। ‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের কোথাও কিন্তু মাদকের ফ্যাক্টরি নেই। এগুলো আসলো কোথা থেকে? পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দেয় এবং দিচ্ছে, যাতে করে বাংলাদেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে। তিনি বলেন, আমরা কি আমাদের দেশ গড়ব, নাকি ধ্বংসের দিকে নিয়ে যাব?
মাদকের ভয়াবহতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একজন বাবা কত কষ্ট নিয়ে বক্তব্য দিলেন, তার সন্তান মাদকের সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে মাদকের অবস্থা ভয়াবহ। কোনো কোনো এলাকায় ২৩ শতাংশ। আমরা যদি এখন এই মাদকের লাগাম টেনে না ধরি, সচেতন না হই, একসময় এই দেশটি ভেঙে যাবে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাড়ির পাশে ডাবের খোসা, পানির পাত্রসহ বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে থাকলে কয়েকদিন পর সেখানে ডেঙ্গুর মশা তৈরি হতে পারে। এসব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু থেকে বাঁচা সম্ভব। সচেতন হওয়া ছাড়া ডেঙ্গু প্রতিরোধের কোনো বিকল্প নেই।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। এছাড়া উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইমাম, পুরোহিতসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাংলাদেশ সময়: ২২:৩১:৪৩ ৪ বার পঠিত