
কালকিনি প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী সাহেব রামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ ফলাফল প্রদর্শন করে সামগ্রিকভাবে উপজেলা পর্যায়ে প্রথম (শ্রেষ্ঠ) স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা নৃত্য, একক অভিনয় ও কবিতা আবৃত্তিতে ১ম স্থান, সংগীতে ২য় স্থান এবং চিত্রাঙ্কনে ৩য় স্থান লাভ করে। একের পর এক ইভেন্টে সাফল্য অর্জন করে পুরো প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ও প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে থাকা শিক্ষকসহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও স্থানীয় গুণীজনরা আশা প্রকাশ করেন, শিক্ষা, সংস্কৃতি ও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে সাহেব রামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় আগামীতেও আরও এগিয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৬:১৬:১৩ ৫ বার পঠিত