আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী করতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি : বিমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী করতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি : বিমান
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬



আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী করতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি : বিমান

বাংলাদেশে আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী করার পাশাপাশি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের দীর্ঘমেয়াদি ও সমন্বিত কৌশলের অংশ হিসেবে আরও ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি করা হয়েছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের মধ্যে সম্পূরক এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসাইন এবং বোয়িংয়ের কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্র্যাড ম্যাকমুলেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

হোসাইন বলেন, ‘আজকের এই সম্পূরক চুক্তি বিমানের চলমান বহর আধুনিকায়ন ও নেটওয়ার্ক সম্প্রসারণ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

বোয়িং জানায়, সম্পূরক চুক্তির আওতায় রয়েছে পাঁচটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার এবং ছয়টি ৭৩৭-৮ বিমান। এর মাধ্যমে বিমানের ভবিষ্যৎ বহরে দূরপাল্লার ওয়াইড-বডি এবং ন্যারো-বডি উভয় ধরনের বিমানের সক্ষমতা বাড়বে।

চলতি বছরের শুরুতে ১৪টি বোয়িং বিমান কেনার জন্য বিমানের করা ক্রয়াদেশের পর সর্বশেষ এই ক্রয়াদেশ দেওয়া হলো। এর ফলে চলতি বছরে বিমানের বোয়িংয়ের কাছে দেওয়া মোট ক্রয়াদেশের সংখ্যা দাঁড়াল ২৫টি।

গত ৩০ এপ্রিল স্বাক্ষরিত আগের চুক্তিটির মূল্য প্রায় ৩৭০ কোটি মার্কিন ডলার। ওই চুক্তির আওতায় রয়েছে আটটি ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ বিমান।

সর্বশেষ চুক্তির সঙ্গে আগের চুক্তি মিলিয়ে বিমানের বোয়িং বিমান সংগ্রহ কর্মসূচিতে এখন রয়েছে ১৩টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ১০টি বোয়িং ৭৩৭-৮ বিমান।

হোসাইন বলেন, ‘আমাদের বহর পরিকল্পনার নির্দিষ্ট চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই ক্রয়াদেশ দেওয়া হয়েছে। বোয়িংয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিনের কার্যকর ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক বিমান সরবরাহ এবং পরবর্তী সহায়তা ব্যবস্থাপনা নিয়ে আমাদের আস্থা দিয়েছে।’

তিনি বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে বিমান বাংলাদেশে বসবাসকারী মানুষ, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ভ্রমণকারী ও পর্যটকদের ক্রমবর্ধমান যোগাযোগের চাহিদা পূরণে নিজেদের নেটওয়ার্ক ও সক্ষমতা আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ‘আগামী বছরগুলোতে দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী করার জন্য এটি একটি সমন্বিত ও সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদি কৌশলের অংশ।’

আগের ১৪টি বিমানের চুক্তির আওতায় বিমান সরবরাহের সময় নির্ধারণ করা হয়েছে ২০৩১ সালের নভেম্বর থেকে ২০৩৫ সালের অক্টোবর পর্যন্ত। তবে অতিরিক্ত ১১টি বিমানের মূল্য, অর্থায়ন ব্যবস্থা ও সরবরাহের সময়সূচি প্রকাশ করা হয়নি।

বোয়িং জানায়, ৭৮৭-১০ বিমান বিমানের বিদ্যমান ৭৮৭-৮ ও ৭৮৭-৯ বিমানের পরিপূরক হিসেবে অতিরিক্ত সক্ষমতা দেবে। অন্যদিকে ৭৩৭-৮ বিমান বিমানের সিঙ্গেল-এইসেল নেটওয়ার্কে আরও বেশি দূরত্ব অতিক্রমের সক্ষমতা বাড়াবে।

এই দুই ধরনের বিমান যুক্ত হলে বিমানের বিদ্যমান বোয়িং বহরের সঙ্গে পরিচালনাগত সামঞ্জস্যও বজায় রাখা সম্ভব হবে।

বিমান বর্তমানে আন্তর্জাতিক রুটে বোয়িং ৭৮৭, ৭৭৭ ও ৭৩৭ নেক্সট জেনারেশন উড়োজাহাজ পরিচালনা করছে। এসব বিমানের মাধ্যমে বাংলাদেশকে মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইউরোপের বিভিন্ন গন্তব্য ও প্রধান বিমান যোগাযোগ কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

বোয়িং জানায়, ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৩৭ ম্যাক্স পরিবারের বিমানগুলো যেসব বিমানের স্থলাভিষিক্ত হবে, সেগুলোর তুলনায় ২০ থেকে ২৫ শতাংশ বেশি জ্বালানি সাশ্রয়ী। এটি বিমানের বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনায় সহায়ক হবে।

ম্যাকমুলেন বলেন, বিমানের পরবর্তী এই ক্রয়াদেশ বহর নবায়ন ও সক্ষমতা সম্প্রসারণে এয়ারলাইনটির কৌশলগত দৃষ্টিভঙ্গির পাশাপাশি দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অংশীদারিত্বের প্রতিফলন।

তিনি বলেন, ‘অতিরিক্ত এসব ৭৮৭ ড্রিমলাইনার ও ৭৩৭ ম্যাক্স বিমান বৈশ্বিক বিমান চলাচলে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা সমর্থনে বিমানের প্রয়োজনীয় দক্ষতা, বহুমুখিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমাইউন কবির, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

এ সময় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক বাণিজ্য উপমন্ত্রী উইলিয়াম কিমিট, বোয়িংয়ের গ্লোবাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রেন্ডন নেলসন, বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানি পোপ, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর এবং ইউরেশিয়া, ভারত ও দক্ষিণ এশিয়ায় কমার্শিয়াল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের জন্য বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, দেশের বিমান চলাচল খাত সম্প্রসারিত হওয়ায় এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর পরিকল্পনা থাকায় বাংলাদেশের আরও বিমান প্রয়োজন।

তিনি বলেন, ‘বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী বিমান কিনবে। বাংলাদেশের বিমান চলাচল খাত সম্প্রসারিত হচ্ছে এবং নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে। এ কারণে নতুন বিমানের প্রয়োজন।’

পরে বোয়িংয়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চারটি এ৩৫০-৯০০ ওয়াইড-বডি এবং ছয়টি এ৩২১নিও ন্যারো-বডিসহ মোট ১০টি এয়ারবাস বিমান কেনার পৃথক একটি প্রস্তাবও বিবেচনা করছে।

এয়ারবাস কেনার প্রক্রিয়া এগিয়ে গেলে বোয়িং ও এয়ারবাস মিলিয়ে বিমানের নতুন বিমান সংগ্রহের পাইপলাইনে মোট ৩৫টি উড়োজাহাজ যুক্ত হবে। এর মধ্য দিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি তার ইতিহাসের অন্যতম বৃহৎ বহর সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়নের পথে এগোবে।

বাংলাদেশ সময়: ১৭:২৬:৩৩   ৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং কর্মশালা অনুষ্ঠিত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় : জহির উদ্দিন স্বপন
চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে অংশীজনদের মতামত নেওয়া হবে
বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : রিজভী
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে: শিক্ষামন্ত্রী
মাদক নির্মূলে কঠোর থেকে কঠোরতর হতে হবে : সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ