শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

প্রথম পাতা » খেলাধুলা » শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬



শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

ম্যাচের ৯৫ মিনিটে গোল করে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথমটিতে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ম্যাচের ৬৮ মিনিটে প্রথম গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন নেস্তরি ইরানকুন্ডা।

দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ব্রাজিলকে হারের লজ্জা থেকে রক্ষা করেন বদলি খেলোয়াড় রায়ান।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউন্সভিল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলের সুযোগ পায় স্বাগতিকরা। মধ্যমাঠ থেকে আক্রমণ শানায় অসিরা। মিডফিল্ডার ইটালিয়ানোর কাছ থেকে বল পেয়ে ব্রাজিলের গোলপোস্টের ওপর দিয়ে মারেন কনর মেটকাফে।

২১ মিনিটে ব্রাজিলকে গোল বঞ্চিত করেন অস্ট্রেলিয়ার গোলরক্ষক প্যাট্রিক বিচ। রাফিনিয়ার পাস থেকে ব্রুনো গিমারাইসের শট দারুণভাবে প্রতিহত করেন বিচ।

প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল পায় ব্রাজিল। এন্দ্রিকের সহায়তা নিয়ে গোল করেন এস্তেভাও। কিন্তু অস্ট্রেলিয়ান অধিনায়ক সুটারের বিরুদ্ধে গিমারাইসের ফাউল ভিএআ-এ ধরা পড়লে গোল বাতিল করেন রেফারি। ফলে গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য মরিয়া ছিল দুই দলই। সেই সুবাদে ৬৮ মিনিটে গোল পেয়ে যায় অস্ট্রেলিয়া। ফ্রি কিক থেকে গোল করেন নেস্তরি ইরানকুন্ডা। ১-০ ব্যবধানে এগিয়ে যায় অসিরা।

লিড ধরে ম্যাচ শেষ করার পথেই ছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ৯০ মিনিটও শেষ হয়ে যায়। এসময় হারের শঙ্কায় ভুগছিল ব্রাজিল। রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষায় ছিল অস্ট্রেলিয়া।

কিন্তু যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করে ব্রাজিলকে হারের মুখ থেকে রক্ষা করেন বদলি খেলোয়াড় রায়ান। রাফিনহার কর্ণার থেকে হেডে গোল করেন রায়ান। ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

আগামী মঙ্গলবার ব্রিসবেনে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে ব্রাজিল-অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩৮   ৬ বার পঠিত