মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬



মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া প্রথম মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, বর্তমান সরকার স্নাতক পর্যন্ত নারীশিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা নিয়েছে।

শিক্ষাকে মেয়েদের অধিকার উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন সম্ভব।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদ আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করেছে।

এই কার্ডের মাধ্যমে নারীরা আরো এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ছেলে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতিও সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে আব্দুল বারী বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের স্কুলের পোশাক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসএসসিকে শিক্ষাজীবনের প্রথম গুরুত্বপূর্ণ সোপান উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতেও ভালো ফলের জন্য চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার কৃষক কার্ড, ইমামদের সম্মানি প্রদান ও স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ শুরু করেছে।

চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়ার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক উন্নয়নে প্রধানমন্ত্রী নিজেই কাজ করছেন। এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী দেশ ও জনগণের প্রয়োজন অনুধাবন করেন বলেও মন্তব্য করেন তিনি।

জ্বালানিসংকটের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এ সংকটের জন্য বিগত অন্তর্বর্তী সরকারের নীতি মূলত দায়ী। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের সংকটও রয়েছে।

বিদ্যুৎ সংকটও বিগত সরকারগুলোর কারণে সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি। সার সংকট সমাধানেও সরকার কাজ করছে বলে জানান।

দেশে খাদ্য মজুদ সন্তোষজনক জানিয়ে আব্দুল বারী বলেন, বর্তমানে দেশে ২৬ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এটি মজুদ সক্ষমতার চেয়েও ১ লাখ টন বেশি।

বিরোধী দলের প্রতি সংবিধান সংশোধনের সংসদীয় কমিটিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তবে এ জন্য সংবিধান সংশোধন করতে হবে। এ কাজে বিরোধী দলকে সংসদীয় কমিটিতে আসতে হবে। দেশে গণতন্ত্র থাকলেই উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বৈষম্যহীন সমাজ গড়তে সরকার কাজ করছে জানিয়ে আব্দুল বারী বলেন, গ্রামের জীবনযাত্রাও যেন শহরের মতো সুযোগ-সুবিধা পায়, সে লক্ষ্যেও কাজ করা হচ্ছে। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। প্রশাসনের সব পদে যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী প্রমুখ।

জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন আব্দুল কাদির আবদুল্লাহ ও নওশিন। পরে অতিথিরা জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মেডেল পরিয়ে দেন ও উপহার তুলে দেন।

এর আগে সকালে জেলা প্রশাসনের আয়োজনে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

বাংলাদেশ সময়: ১৮:২১:০৮   ১০ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টা ও মারধরের অভিযোগ
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
মাধ্যমিক পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করেছিলেন খালেদা জিয়া
হুংকার দিয়েন না, সাহস থাকলে এখনই আসেন
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
ফিফা আসিয়ান কাপে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় থাইল্যান্ডের
ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কার্যক্রম বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ