![]()
ঢাকা,২৭ সেপ্টেম্বর২০২৬ : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে টেক্সটাইল এবং অ্যাপারেল খাতের বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)-এর সভাপতি মোহাম্মদ হাতেমের সঙ্গে একটি সৌজন্য বৈঠক করেছেন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেএমইএর ঢাকাস্থ কার্যালয়ে এই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পোশাক ও বস্ত্র খাতের পারস্পরিক সম্ভাবনা কাজে লাগানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার মূল বিষয় ছিল
সরাসরি যোগাযোগ বৃদ্ধি: দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি, বাণিজ্য মেলায় অংশীদারিত্ব এবং ক্রেতা-প্রস্তুতকারকদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন।
কাঁচামাল আমদানি: পাকিস্তান থেকে প্রতিযোগিতামূলক মূল্যে ও মানসম্মত সুতা, কাপড়, ডেনিম, রং এবং রাসায়নিকসহ বিভিন্ন টেক্সটাইল কাঁচামাল সংগ্রহের সম্ভাবনা। এ সময় পণ্যের মান, নির্ভরযোগ্য সরবরাহ সময় এবং বাণিজ্যিক প্রতিশ্রুতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন: প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাস্তবায়নের জন্য উভয় পক্ষ থেকে একজন করে সমন্বয়কারী মনোনয়ন এবং নিয়মিত প্রতিনিধি দল বিনিময় ও কারখানা পরিদর্শনের বার্ষিক কর্মপরিকল্পনা তৈরির সিদ্ধান্ত হয়।
![]()
বৈঠক শেষে দুই দেশের শিল্পখাতের মধ্যে শক্তিশালী ও কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করা হয়, যা পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় বৈঠকে বিকেএমইএর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মোহাম্মদ হাতেম, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সিআইপি, এবং পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া, প্রকৌশলী মো. বেলায়েত হোসেন রিপন, রাজীব চৌধুরী ও মো. মনিরুজ্জামান। অন্যদিকে, পাকিস্তান হাইকমিশনের পক্ষে হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক অ্যাটাশে জাইন আজিজ বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪:৫৪:৩৮ ১৬ বার পঠিত