![]()
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে নাগরিক সমাজসহ সবার সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফোরামের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিল ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদ, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, যানজট নিরসন, ওয়াসা সংস্কারসহ জেলার নাগরিক অধিকার রক্ষায় সংগঠনটির ভূমিকার কথা তুলে ধরেন।
ফোরামের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম পুলিশ সুপারের চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান যোগদানের পর ২৫ কর্মদিবসে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেড় হাজারের বেশি অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। এ জন্য সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সব ধরনের অপরাধ দমনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশের একার পক্ষে সব ধরনের অপরাধ নির্মূল সম্ভব নয়। এ জন্য নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন ও সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নাগরিকদের অধিকার রক্ষায় পুলিশ সবসময় পাশে থাকবে। অপরাধীদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।’
সভায় পুলিশ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শামীম হোসেন।
নাগরিক অধিকার ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ইসমাইল, সহ-সভাপতি রোটারিয়ান মহিউদ্দিন মাহমুদ, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোহাম্মদ আলী, হাফেজ মো. কবির, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ রানা, সহ-সাধারণ সম্পাদক এ.কে.এম কামরুল হাসান বাবুল, অর্থ সম্পাদক মো. আমজাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক শেখ সেলিম আহাম্মদ, প্রচার সম্পাদক শরীফ সুমন, সদস্য স্বপন চৌধুরী ও অহিদুর রহমান আরিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৬ ৩৮ বার পঠিত