আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

প্রথম পাতা » ছবি গ্যালারী » আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬



রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:

“বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ০১ অক্টোবর ২০২৬ ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষ্যে আমি বাংলাদেশসহ বিশ্বের সকল প্রবীণ নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতি এবং জীবনমানের উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে; ফলশ্রুতিতে পৃথিবীর সকল দেশেই প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। দীর্ঘায়ুর এই যুগ-প্রবীণ নাগরিকদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাপনাকে নতুন করে ঢেলে সাজানোর বিষয়ে চিন্তার সুযোগ করে দিয়েছে। এ প্রেক্ষাপটে দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘The Age of Longevity: Rethinking Systems for Longer Lives’ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ হয়েছে বলে আমি মনে করি।

প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মানুষ একসময় বার্ধক্যে উপনীত হয়। ফলে প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কাঠামো নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে পাঁচ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ এবং সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে। প্রবীণদের কল্যাণ ও উন্নয়নে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ প্রবীণদের কল্যাণ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি।

প্রবীণগণ কেবল আমাদের অতীতের গল্প নন; তাঁরা আমাদের বর্তমানের শিকড় এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাঁদের শ্রম, ঘাম, মেধা, ত্যাগ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। অথচ প্রবীণদের একটি বড় অংশ অবনতিশীল স্বাস্থ্য, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে দিন অতিবাহিত করছেন। একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে প্রবীণ জনগোষ্ঠীর প্রতি আমাদের যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য।

আমি আশা করি, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তিবর্গ এবং প্রতিটি পরিবার প্রবীণদের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসবেন। প্রবীণদের প্রতি ভালোবাসা, তাঁদের হাসিমুখ ও নিরাপদ বার্ধক্য হোক আমাদের অঙ্গীকার। আমি বাংলাদেশ ও বিশ্বের সকল প্রবীণ ব্যক্তির সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করছি।

আমি ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করি।”

বাংলাদেশ সময়: ১৭:১৬:০৬   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


জাপানের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সরকারি প্রতিষ্ঠান কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
পর্যটন অংশীদারিত্ব সুদৃঢ় করতে টোকিওতে বাংলাদেশ ট্যুরিজম সেমিনার অনুষ্ঠিত
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ না করার আহ্বান ঢাবি উপ-উপাচার্যের
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ