![]()
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দিয়ে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সামাজিক বিচ্ছিন্নতা ও অসৎ সঙ্গ তরুণদের জীবনকে অন্ধকার জগতে ঠেলে দেয়। সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক। মাদক সেবীদের সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী মাদক চোরাচালান ও বেচাকেনায় জড়িতদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান প্রতিমন্ত্রী।
আজ চট্টগ্রাম হাটহাজারী সরকারি কলেজ ক্যাম্পাসে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান-২০২৬ এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একাধিক উন্নয়নমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এছাড়া প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের শুধু সনদসর্বস্ব ও প্রচলিত একাডেমিক শিক্ষার গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বৈশ্বিক চাহিদা অনুযায়ী বাস্তবমুখী, কর্মমুখী ও কারিগরি শিক্ষায় পারদর্শী করে তোলার আহ্বান জানান।
নবীনদের আগামীর রূপকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে তরুণদের ইংরেজি, গণিত ও বিজ্ঞানে অধিক মনোযোগী হতে হবে। দেশজুড়ে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যাপক প্রসারে সরকার লক্ষ্যভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত বছরগুলোর অবক্ষয় কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে একটি আধুনিক, টেকসই ও গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
হাটহাজারীর সাম্প্রতিক দৃশ্যমান পরিবর্তন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ অঞ্চলে ৫০০টিরও বেশি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু করেছে, যার মধ্যে প্রায় ৪০০টির কাজ ইতিমধ্যে শেষ বা শেষ পর্যায়ে রয়েছে।
পরে হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় মাদক ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশ প্রদান করেন প্রতিমন্ত্রী। এছাড়া তিনি শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সুসংহত রাখতে সবার সহযোগিতা চান।
পরে এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে এলাকার নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন।
দিনের অন্য এক কর্মসূচিতে প্রতিমন্ত্রী হাটহাজারী উপজেলা মৎস্য খাতের অংশ হিসেবে মৎস্য সম্পদের প্রসারে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করেন। এছাড়া একই দিনে প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে এলজিইডি-এর অধীনে ২০২৬-২৭ অর্থবছরের গ্রামীণ সড়ক সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে ৩৫ জন কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।
প্রতিমন্ত্রী মীর হেলাল একই দিন হাটহাজারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামের একটি প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডেঙ্গু উপদ্রব নিয়ন্ত্রণে হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য মশার ওষুধ ছিটানোর ফগার মেশিন প্রদান করেন। এছাড়া প্রতিমন্ত্রী জনগণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ‘হাটহাজারী হাসপাতাল সড়ক পুনর্বাসন’ কাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এসব অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, স্থানীয় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:১৭:৩৯ ৬ বার পঠিত