![]()
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩৮ হাজার পিস ইয়াবা জব্দের ঘটনায় দায়ের করা একটি মামলায় অভিযুক্ত যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
সাজাপ্রাপ্ত যুবকের নাম আলমগীর ওরফে আলমগীর ড্রাইভার। ৩০ বছর বয়সী আলমগীর চট্টগ্রামের লোহাগড়ার আমিরাবাদের মো. তৈয়বের ছেলে।
আদালত তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক সামাদ।
মামলার নথিসূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চেকপোস্টে প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। জব্দ ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৬০ হাজার টাকা ছিল। ওই ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।
একই বছরের ৩১ মার্চ প্রাইভেট কারটির চালক আলমগীরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। এ মামলার বিচারকার্যে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বলে জানান পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ।
বাংলাদেশ সময়: ২৩:১৯:১৬ ৭ বার পঠিত