![]()
যশ চোপড়ার কালজয়ী চলচ্চিত্র ‘সিলসিলা’ হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম চর্চিত নাম। পর্দার ভেতরের ত্রিভুজ প্রেমের গল্প ছাড়িয়ে ছবিটির পেছনের বাস্তব জীবনের কাস্টিং নাটকীয়তা দর্শকদের কৌতূহলকে বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ।
অমিতাভ বচ্চন, রেখা ও জয়া বচ্চনকে এক পর্দায় হাজির করাটা মোটেই সহজ ছিল না। একাধিক সূত্রে জানা যায়, রেখার উপস্থিতি মেনে নিয়ে শেষ পর্যন্ত জয়া বচ্চন ছবিটিতে অভিনয়ে সম্মত হলেও তার পেছনে ছিল এক বিশেষ শর্ত।
‘সিলসিলা’র শুরুতে স্মিতা পাতিল ও পারভীন বাবিকে নেওয়ার কথা থাকলেও পরিস্থিতি বদলে যাওয়ায় পরিচালক যশ চোপড়া রেখা ও জয়া বচ্চনের দ্বারস্থ হন। রেখা রাজি হলেও জয়া শুরুতেই অনীহা প্রকাশ করেছিলেন।
জয়াকে রাজি করাতে যশ চোপড়া স্মরণাপন্ন হন বর্ষীয়ান অভিনেতা সঞ্জীব কুমারের, যাকে জয়া ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন।
সঞ্জীব কুমারের অনুরোধে জয়া অবশেষে রাজি হন, তবে রেখে যান এক চাঞ্চল্যকর শর্ত। চলচ্চিত্র সাংবাদিক হানিফ জাভেরি জানান, জয়ার শর্তটি ছিল—শুটিংয়ের সময় নিজের শট না থাকলেও বা সেটে প্রয়োজন না হলেও, তিনি সবসময় সেখানে উপস্থিত থাকবেন।
সেটে সব সময় উপস্থিত থাকার পেছনের মূল কারণ যে রেখা, তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেন সাংবাদিক হানিফ জাভেরি।
তৎকালীন সময়ে অমিতাভ বচ্চন ও রেখার ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন নিয়ে তোলপাড় চলছিল বিনোদন জগতে। জয়া বচ্চন অমিতাভের স্ত্রী হিসেবে এবং রেখার উপস্থিতিতে নিজের অবস্থান ধরে রাখতেই কঠোর নজরদারির কৌশল হিসেবে এই শর্ত রেখেছিলেন বলে ধরা হয়।
যশ চোপড়াও পরবর্তীতে স্বীকার করেন যে অমিতাভ বচ্চন মূল কাস্ট নিয়ে একমত হলেও দুই অভিনেত্রীকে রাজি করানোর চ্যালেঞ্জ তার ওপরই ছেড়ে দিয়েছিলেন। সব নাটকীয়তা পেরিয়ে ছবিটি আলোর মুখ দেখে। পর্দার বাইরে এই কাস্টিং বিতর্ক ও গুঞ্জন দর্শক মনে ব্যাপক কৌতূহল জাগালেও মুক্তির পর তৎকালীন সময়ে ছবিটি বক্স অফিসে খুব বেশি সাফল্য পায়নি।
তবে অমিতাভ, জয়া ও রেখার উপস্থিতি ‘সিলসিলা’কে চিরদিনের জন্য হিন্দি সিনেমার এক অন্যতম আলোচিত অধ্যায় বানিয়ে রেখেছে।
বাংলাদেশ সময়: ১৬:৩৫:০৩ ২৯ বার পঠিত