
হযরত শাহজালাল বিমানবন্দরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করা হলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার দুপুরে বিমানবন্দরের ভেতরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ-২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।
বিমানমন্ত্রী বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর যাত্রীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করে। তাই দায়িত্বে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।
তিনি বলেন, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। দীর্ঘদিনের অবস্থার উন্নতির জন্য চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, পরিস্থিতির উন্নতি করার জন্য সরকার বদ্ধপরিকর। যে করেই হোক এগুলো নিরসনের জন্য সরকারকে সময় দিতে হবে। যেহেতু দীর্ঘদিন এ প্রবণতাটা চলে আসছিল। আমাদের যারা কাজ করে তারা অলস হয়ে গিয়েছিল।
অনেকে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তারা কাজ করতে পারে না।
লাগেজ কাটার অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন মনে হয়, এটা হচ্ছে না। অতীতে দুই-একটি ঘটনা যদি ঘটে থাকে সেগুলো এড্রেস করব।
বিমানবন্দরে স্বর্ণপাচারের ঘটনায় কর্মচারীরা আটকের বিষয়টি নজরে আনলে মন্ত্রী বলেন, এটা গুড নিউজ।
আগে বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচার হতো। স্বর্ণ পাচারকারীরা অনায়াসে স্বর্ণ নিয়ে বের হয়ে যেত। এখন যারা স্বর্ণ পাচার করছে তাদের না ধরা দিয়ে উপায় নেই। আমরা এখন কঠোর নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ধরছি এবং তাদেরকে আইনের আওতায় নেওয়া যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭:১৬:১৯ ৪ বার পঠিত