
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত নতুন চুক্তি সই করার পর মিকেল আর্তেতা বলেছেন, “আমরা একসঙ্গে যা অর্জন করতে পারি, এটি কেবল তার শুরু।”
স্প্যানিশ কোচের আগের চুক্তির মেয়াদ ২০২৬/২৭ মৌসুমের পরে শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন চুক্তির পুরো মেয়াদ শেষ করলে এমিরেটসে তার দায়িত্ব পালনের সময় এক দশকেরও বেশি হবে।
বুধবার এক বিবৃতিতে ক্লাবটি জানায়, বহুল প্রত্যাশিত নতুন চুক্তিটি “আমাদের যৌথ বিশ্বাসের প্রতিফলন। আমরা যে অগ্রগতি করেছি এবং গত মৌসুমের সাফল্য- তা আমাদের ইতিহাসের একটি বিশেষ সময়ের সূচনা মাত্র।”
পরপর তিনবার রানার্সআপ হওয়ার পর আর্সেনালকে ২২ বছর পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়ার পর আর্তেতার বেতন বেশ খানিকটা বাড়ানো হয়েছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।
৪৪ বছর বয়সী আর্তেতা বলেন, “ক্লাবটির সঙ্গে আমার ভবিষ্যৎ অঙ্গীকার করতে এবং আর্সেনালের সর্বোচ্চ কল্যাণ চান এমন অসাধারণ মানুষদের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারা আমার জন্য গর্বের।”
“এই ক্লাবটি অনন্য। এর চরিত্র, এর আবহ এবং এটি আপনাকে যেভাবে অনুভব করায়, সবকিছুই বিশেষ। আমাদের একসঙ্গে পথচলা অব্যাহত থাকবে। এটা আমার জন্য দারুণ এক সৌভাগ্যের বিষয়।”
“আমরা ইতোমধ্যে একটি বিশেষ বন্ধন তৈরি করেছি এবং এমন স্মৃতি সৃষ্টি করেছি, যা আজীবন থেকে যাবে। আর সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো, আমরা একসঙ্গে যা অর্জন করতে পারি, এটি কেবল তার শুরু।”
২০১৯ সালের ডিসেম্বরে উনাই এমেরির স্থলাভিষিক্ত হওয়া আর্তেতা এখন পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ছাড়ার পর প্রিমিয়ার লিগের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা কোচ।
আর্সেনালের সাবেক অধিনায়ক তার কোচিংয়ের শুরুতে এমিরেটসে উল্লেখযোগ্য চাপের মুখে পড়েছিলেন। তবে তিনি ক্লাবটিকে আবারও ইংলিশ ফুটবলের শীর্ষে ফিরিয়ে এনেছেন।
গত মৌসুমে আর্সেনালকে দুই দশকের মধ্যে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও তুলেছিলেন আর্তেতা। তবে পেনাল্টি শুটআউটে প্যারিস সেন্ট-জার্মেইর কাছে হেরে যায় গানার্সরা।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৬১ ম্যাচে আর্সেনালের দায়িত্ব পালন করেছেন তিনি। তার জয়ের হার ৬২ শতাংশের কিছু বেশি, যা ক্লাবটির ইতিহাসে পূর্ণকালীন কোনো কোচের মধ্যে সর্বোচ্চ।
বর্তমানে প্রিমিয়ার লিগে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর্সেনাল। আন্তর্জাতিক বিরতির আগে চমকপ্রদভাবে ব্রাইটনের কাছে ৩-০ গোলে হারের পর তারা শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে।
ক্লাবের যৌথ চেয়ারম্যান স্ট্যান ও জশ ক্রোয়েনকে বলেন, “এখন পর্যন্ত এটি ছিল অবিশ্বাস্য এক যাত্রা এবং এই বিশেষ সম্পর্কের সামনে কী অপেক্ষা করছে, তা নিয়ে আমরা রোমাঞ্চিত।”
“গত মৌসুম আর্সেনালের ইতিহাসে একটি অসাধারণ মুহূর্ত ছিল। এমন একটি সময়, যখন আমরা এমন স্মৃতি তৈরি করেছি যা আজীবন থেকে যাবে। আগামী বছরগুলোতে আরও অনেক স্মৃতি তৈরির ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
“মিকেলের সঙ্গে আমাদের একটি বিশেষ বন্ধন রয়েছে। ২০১৯ সালে সে ক্লাবে ফিরে আসার পর আমরা যা অর্জন করেছি, তার প্রতিটি বিষয় নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।”
শনিবার লিডসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে আবারও মাঠে ফিরবে আর্সেনাল।
বাংলাদেশ সময়: ১৬:২০:১১ ২১ বার পঠিত