
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব ডাক দিবস-২০২৬’ পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’।
বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে আজ রাজধানীর আগারগাঁওস্থ ডাক ভবনে ডাক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মহাপরিচালক (পিআরএল ভোগরত) মো. আরিফুল হক, বাংলাদেশ ন্যাশনাল ফিলাটেলিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল সাফি মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বিপিও-নগদ এর প্রশাসক মো. মোতাছিম বিল্লা।
এদিকে, গ্রাহকদের নিরবচ্ছিন্ন ডাকসেবা নিশ্চিত করার লক্ষ্যে আজ এবং আগামীকাল বাংলাদেশ ডাক বিভাগের সকল পর্যায়ের কার্যালয়ে (সঞ্চয় ব্যাংক কার্যক্রম ব্যতীত) অন্যান্য সকল সাধারণ ডাকসেবা প্রদান করা হচ্ছে।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ‘ডাকসেবা সপ্তাহ’ পালন করা হচ্ছে। ডাকসেবা সপ্তাহ উপলক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব, ফিলাটেলিক প্রদর্শনী ও ডাকসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে।
পাশাপাশি বিশ্ব ডাক দিবসের এ বছরের প্রতিপাদ্যের ওপর রচনা, পত্রলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং বেতার কথিকাও প্রচারিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৫০:৩২ ৩ বার পঠিত