![]()
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ জেলা বিচার বিভাগের উদ্যোগে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা অংশ নেন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
কর্মসূচির অংশ হিসেবে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত এবং পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় সামগ্রী পরিষ্কার করা হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, বালতি, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়। পাশাপাশি বাড়ির ছাদ, বারান্দা ও নির্মাণাধীন ভবনে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং শিশু, বয়স্ক, গর্ভবতী নারী ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার বিষয়ে সচেতন করা হয়।
‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু সাময়িক অভিযান পরিচালনা করলেই হবে না, বরং জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশ সময়: ০:০২:৫৭ ১০ বার পঠিত