সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



বিএনপি সরকার আইনের শাসন ও স্থিতিশীলতায় বিশ্বাসী : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সুতরাং কোনোভাবেই ফ্যাসিবাদী আমলের লুটপাট ও অরাজকতার পুনরাবৃত্তি করা যাবে না।

আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হান্নান শাহ স্মৃতি সংসদ এই স্মরণসভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সাধারণ ভোটাররা যেন দেখে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত সহনশীল এবং তারা ফ্যাসিবাদী আমলের মতো কোনো আচরণ করছে না।

এ সময় তিনি আরও বলেন, বিগত সরকার দেশ থেকে টাকা লুট করেছে, মানুষের জায়গা লুট করেছে, এমনকি গোয়ালঘরের গরুও দখল করেছে। গোটা দেশে অরাজকতা সৃষ্টি করে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু বিএনপি সেই পথে হাঁটবে না, বরং শান্তি ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে।

তৃণমূল পর্যায়ের কর্মীরা সরকারের অংশ উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রত্যেক কর্মীকে সহিষ্ণুতার সঙ্গে কাজ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। কে কী পেল বা পেল না, তা নিয়ে মেতে না থেকে, পদ-পদবির দিকে না তাকিয়ে সরকারের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, সারের ডিলার আর ঠিকাদারি পাওয়ার জন্য যদি এতদিনের সংগ্রামকে বিক্রি করে দিই, তাহলে আমরা কখনো বড় অর্জন করতে পারবো না।

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে রিজভী বলেন, পরাজিত শক্তি ও তাদের মদদদাতারা নানাভাবে নাশকতা করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করতে পারে। তাই আমাদের ঘুমহীন প্রহরীর মতো থাকতে হবে।

পূজা কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা রাখতে হবে, পর্যবেক্ষণ ও নজরদারির মধ্যে রাখতে হবে। এ সময় দলের প্রত্যেক নেতাকর্মীকে স্বেচ্ছাশ্রমে এ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক ও বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে প্রয়োজনীয় ডিজেল আমদানি করা যাচ্ছে না। সামনে শীতকালীন শাকসবজি ও রবিশস্য উৎপাদনে ডিজেল অত্যন্ত জরুরি। সরকার এসব সংকট মোকাবিলা করে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, চুলা জ্বলছিল না, মিল-কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতির উন্নতি হচ্ছে। আল্লাহর রহমতে রান্নাঘরের চুলা এখন আবার জ্বলতে শুরু করেছে।

স্মরণসভায় আ স ম হান্নান শাহের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, হান্নান শাহ ছিলেন সাহসের প্রতীক ও অন্যায়ের বিরুদ্ধে এক অগ্নিগর্ভ ব্যক্তিত্ব। ওয়ান-ইলেভেনের সময়সহ দেশের বিভিন্ন সংকটে তিনি দলের হাল ধরেছিলেন। কারাবন্দি অবস্থায়ও দলের প্রতি তার কর্তব্যনিষ্ঠা অটুট ছিল। বারবার কারাগারে যাওয়ার ফলে তার পরিবার আর্থিক সংকটে পড়লেও তিনি কখনো কর্তব্য থেকে বিচ্যুত হননি।

সংসদ সদস্য ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

বাংলাদেশ সময়: ১৬:৩০:২২   ৯ বার পঠিত