![]()
ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম,এমপি; এ,জেড,এম, রেজওয়ানুল হক,এমপি; মোঃ আনোয়ারুল ইসলাম,এমপি; মোহাম্মদ ফাহিম চৌধুরী,এমপি; কে এম বাবর,এমপি; সানসিলা জেবরিন,এমপি; সালাহ উদ্দিন, এমপি; মারদিয়া মমতাজ,এমপি এবং মোঃ আব্দুল গফুর,এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্হায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়,বিভাগ ও দপ্তরসমুহের কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই স্বাগত বক্তব্যে সভাপতি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর এবং সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়।
কমিটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করার লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করে।
বৈঠকে নতুন কিছু উদ্ভাবন এবং তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে মন্ত্রণালয়কে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৮:১০ ৮ বার পঠিত