
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলামের ওপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ (৩৯) এবং তার সহযোগী মো. ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর সোনাডাঙ্গার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিরাজ নগরীর হাজী মহসিন রোডের ফারুক মিয়ার ছেলে এবং ইব্রাহিম টুটপাড়া সরকারপাড়ার আকবর আলীর ছেলে। তাদের মধ্যে ফারুকের বিরুদ্ধে একাধিক চুরি-ডাকাতির মামলা এবং ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, গত ৯ অক্টোবর দিবাগত গভীর রাতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলাম (৪৩) হামলা ও ছিনতাইয়ের শিকার হন। নগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে দিয়ে রিকশায় করে পুলিশ ক্লাবে যাওয়ার পথে তিনজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তার পথরোধ করেন।
এ সময় তারা শাহ আলামের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেন। পরে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপরের অংশে কুপিয়ে গুরুতর জখম করেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হামলার প্রধান আসামি মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ এবং তার সহযোগী ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।
গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান এসআরবি-৬-এর অধিনায়ক।
বাংলাদেশ সময়: ১৭:৩৭:০৫ ৭ বার পঠিত