ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » খুলনা » ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশদূষণ কমানো, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং ইজিবাইকচালকদের আয় বাড়ানোর লক্ষ্যে প্রচলিত সিসা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় যশোরের সিসিটিএসের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা গেলে একবার চার্জে ইজিবাইক ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। পাশাপাশি চালকদের দৈনিক আয় প্রায় ২০০ টাকা বাড়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি (ডেসকো) রাজধানীর উত্তরখানে ইজিবাইকে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে। এ প্রকল্পের মাধ্যমে নতুন প্রযুক্তির ব্যবহারিক সুবিধা ও সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

পরীক্ষামূলক উদ্যোগের অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে এ প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের।’

তিনি আরো বলেন, ‘ইজিবাইকে প্রচলিত সিসা-অ্যাসিড ব্যাটারির পরিবর্তে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা গেলে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশদূষণ কমানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে একবার চার্জে বেশি দূরত্ব অতিক্রম করতে পারলে চালকদের কর্মঘণ্টার কার্যকর ব্যবহার এবং আয় বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে।’

দেশের শহর ও শহরতলির যোগাযোগব্যবস্থায় ইজিবাইক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, ‘স্বল্প দূরত্বে যাত্রী ও পণ্য পরিবহনে এসব যানবাহন ব্যাপকভাবে ব্যবহৃত হলেও ব্যাটারির কার্যক্ষমতা, চার্জ দেওয়ার খরচ এবং রক্ষণাবেক্ষণ চালকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমদানি করা কয়লার পরিবর্তে দেশের ভূগর্ভে থাকা কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়ে সরকার কাজ করছে। বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি পরিবেশ সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।’

দেশীয় কয়লা ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের ক্ষেত্রে উত্তোলন ব্যয়, প্রযুক্তিগত সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশগত প্রভাব গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিবেচনায় নিয়ে বিদ্যুৎ উৎপাদন ও পরিবেশ সুরক্ষার মধ্যে সমন্বয় করার বিষয়টি বিশেষ গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজিজুল হক মনি।

সম্মেলনে আরো বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় কমিটির নগর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক হক সাবুসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:০৬   ৬৯ বার পঠিত  







খুলনা’র আরও খবর


খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
বাগেরহাটে খান জাহান আলীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ