বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

প্রথম পাতা » খেলাধুলা » ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



\ ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার\ \

ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের এক মঞ্চে এনে ব্যালন ডি’অরজয়ীদের মধ্যে সর্বকালের সেরা নির্বাচনের আয়োজন করা হয়। সেখানে লিওনেল মেসি, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনিসহ বহু কিংবদন্তিকে পেছনে ফেলে সেরা নির্বাচিত হয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর হাতে উঠেছে ‘বোট’ (বেস্ট অব অল টাইম) পুরস্কার।

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে নতুন এই পুরস্কারের জন্য ভোটের আয়োজন করে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও ফ্রান্স ফুটবল সাময়িকী। ব্যালন ডি’অরজয়ী ১০ কিংবদন্তির মধ্যে সেরা বেছে নেওয়ার সুযোগ পান সমর্থকেরা। ভোট দিতে দর্শক-সমর্থকদের এক ইউরো করে খরচ করতে হয়েছে। ব্যালন ডি’অরের ওয়েবসাইটে অনুষ্ঠিত এই ভোটে রোনালদোর ২০০৮ সালে জেতা ব্যালন ডি’অর ‘বোট’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় প্রথমবার ব্যালন ডি’অর জেতেন রোনালদো। সেবার তিনি পেছনে ফেলেছিলেন লিওনেল মেসি ও স্পেনের ফার্নান্দো তোরেসকে। এরপর ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালে রিয়াল মাদ্রিদের হয়ে আরও চারবার এই পুরস্কার জেতেন তিনি। সব মিলিয়ে তাঁর ব্যালন ডি’অরের সংখ্যা পাঁচটি।
অন্যদিকে, আটবার ব্যালন ডি’অরজয়ী মেসির ২০১২ সালের পুরস্কারটি হয়েছে দ্বিতীয় সেরা। রোনালদোর ২০১৭ সালের ব্যালন ডি’অর হয়েছে তৃতীয়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্ল্যারিন’ জানিয়েছে, ভোটে ৪৪৬ পয়েন্ট পেয়েছেন রোনালদো, যেখানে মেসির পয়েন্ট ২৮১। ভোটের লড়াইয়ে থাকা ১০ ব্যালন ডি’অরজয়ী হলেন—লিওনেল মেসি (৮ বার), ক্রিস্টিয়ানো রোনালদো (৫ বার), ইয়োহান ক্রুইফ (৩ বার), মিশেল প্লাতিনি (৩ বার), মার্কো ফন বাস্তেন (৩ বার), রোনালদো নাজারিও (২ বার), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (৩ বার), কার্ল-হেইঞ্জ রুমেনিগে (৩ বার), কেভিন কিগান (২ বার) ও আলফ্রেড ডি স্টেফানো (২ বার)।

বাংলাদেশ সময়: ১৩:২৯:১৫   ২৮ বার পঠিত   #  #  #  #