মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬



মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব

দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিতে ভর্তি এবং দক্ষ নাবিক তৈরির ক্ষেত্রে প্রশিক্ষণের মান ও যোগ্যতা নিয়ে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান এনডিসি। আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা ও কঠোর প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিতে ভর্তি প্রক্রিয়া ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দেশের সব সরকারি ও বেসরকারি মেরিন একাডেমির প্রধানরা উপস্থিত ছিলেন। মেরিন খাতের উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরো শক্তিশালী করতে সভায় বিভিন্ন দিকনির্দেশনা দেন নৌপরিবহন সচিব।

সভায় জানানো হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে মেরিন একাডেমিতে ভর্তির আবেদন ও প্রক্রিয়াকরণসহ সর্বমোট চার্জ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩০০ টাকা।

সভাপতির বক্তব্যে মো. আতাউর রহমান বলেন, দেশের তরুণদের জন্য কারিগরি পেশায় আরো বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। আর এ লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি হলো আন্তর্জাতিক মানের কারিগরি শিক্ষা।

মেরিন একাডেমির প্রধানদের উদ্দেশে তিনি বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষণের মান ও যোগ্যতার বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না।

ক্যাডেট ও ক্রুদের এমনভাবে প্রশিক্ষিত করতে হবে, যাতে তাঁরা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে পারেন।

নৌপরিবহন সচিব বলেন, দেশের মেরিন খাতকে আরো উন্নত করতে দক্ষ ও আন্তর্জাতিক মানের নাবিক তৈরি করাই প্রধান দায়িত্ব। এসব নাবিক ভবিষ্যতে রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। এ জন্য প্রতিটি মেরিন একাডেমিকে শিক্ষার গুণগত মান কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত একাডেমি প্রধানরা সচিবের নির্দেশনাকে স্বাগত জানান।

একই সঙ্গে বাংলাদেশের মেরিন খাতকে বিশ্বমানে উন্নীত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করা গেলে বৈশ্বিক সমুদ্র পরিবহন খাতে বাংলাদেশের নাবিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও মেরিন খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:১১   ৫ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
হানিফসহ ৪ নেতার রায় সময়োপযোগী : চিফ প্রসিকিউটর
মালাইকার সঙ্গে বিচ্ছেদের পর ফের কার প্রেমে অর্জুন?
জাপানে কর্মসংস্থানে তরুণদের দক্ষতা উন্নয়নে উদ্যোগ
মেরিন একাডেমিতে ভর্তির যোগ্যতায় কোনো আপস নয় : নৌপরিবহন সচিব
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
পটুয়াখালীতে কোস্ট গার্ডের আন্তর্জাতিক প্রশিক্ষণ সমাপ্ত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ