
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কার্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন। এ সময় সংস্থাটির সঙ্গে ইংরেজি ভাষার দক্ষতা শক্তিশালীকরণ, শিক্ষার সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ এবং পর্যটনে সহায়তা নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুক পোস্টে ব্রিটিশ কাউন্সিল এসব তথ্য জানিয়েছে।
পোস্টে বলা হয়, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনকে আমাদের প্রাঙ্গণে আতিথ্য প্রদান করে আনন্দিত। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে একটি গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
এতে আরো বলা হয়, ব্রিটিশ কাউন্সিলের বিশেষজ্ঞ জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা জাতীয় পর্যায়ের কাজকে কিভাবে সমর্থন করতে পারি, তা খতিয়ে দেখেছি।
এর মধ্যে রয়েছে ইংরেজি ভাষার দক্ষতা শক্তিশালীকরণ, শিক্ষার সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ এবং পর্যটনে সহায়তা। আলোচনায় এই ক্ষেত্রগুলোতে অর্থবহ সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়েছে, যা বাংলাদেশের জন্য একটি দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করবে।
পোস্টে বলা হয়, আমরা এই আলোচনার ভিত্তিতে আরো এগিয়ে যেতে এবং অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করার সুযোগ খুঁজতে আগ্রহী।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৩২ ১১ বার পঠিত #ব্রিটিশ কাউন্সিল