![]()
পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের বাজারে জনসাধারণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করার দায়ে চার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। এ সময় থানা পুলিশের একটি টিম তাঁকে সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা শহরের দক্ষিণ বাজারের সড়কের ফুটপাত স্থানীয় ব্যবসায়ী ও হকারদের দখলে থাকায় সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হলেও তা অমান্য করায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের বিভিন্ন অলিগলি ও মূল সড়কের উভয় পাশের অস্থায়ী দোকানপাট এবং শৃঙ্খলা নষ্টকারী প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার জানান, জনসাধারণের স্বাভাবিক চলাচল ও যানজট নিরসন সরকারের অন্যতম অগ্রাধিকার। ফুটপাত দখল করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টির কোনো সুযোগ নেই এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে স্থানীয় সচেতন মহল ও সাধারণ পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং এই ধারা বজায় রাখার দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:১১:৪৫ ১৫ বার পঠিত