ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের

জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম মনি বলেছেন, ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে জনসচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ জরুরি। নারীদের স্বাস্থ্যসুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণ করতে হবে।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘স্ট্রংগার টুগেদার ফর অ্যা হেলদিয়ার টুমরো’।

চীফ হুইপ বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এ দেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণকে দক্ষ, সুস্থ ও স্বাবলম্বী মানবসম্পদে পরিণত করতে কাজ করছেন। দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাই নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “ব্রেস্ট ক্যানসার ও সার্ভাইক্যাল ক্যানসার নারীদের জন্য বড় স্বাস্থ্যঝুঁকি। নারী শিক্ষার্থী ও তরুণীদের প্রজনন স্বাস্থ্য, রোগের লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে স্বাস্থ্যবিষয়ক সামাজিক ট্যাবু ও সংকোচ দূর করতে হবে।”

সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে এসব রোগ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশেষজ্ঞদের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা পেলে তা প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, নিয়মিত পরীক্ষা ও সময়মতো চিকিৎসা গ্রহণে নারীদের উৎসাহিত করতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্পৃক্ত করে সহজবোধ্য ও নির্ভরযোগ্য স্বাস্থ্যতথ্য প্রচারের আহ্বান জানিয়ে চীফ হুইপ বলেন, একজন মা সুস্থ থাকলে পরিবার ও সমাজ সুস্থ থাকে। তাই ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নারী এবং সুস্থ হয়ে ওঠা নারীদের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন। বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে প্যানেল আলোচনায় ব্রেস্ট ক্যানসারের লক্ষণ, রোগ শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা, চিকিৎসা ও রোগীদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করেন ট্যালেন্ট শার্পনারের ব্যবস্থাপনা পরিচালক সায়িকা হক।

বাংলাদেশ সময়: ২২:৩৩:৪৩   ২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন
পাবনায় মাছ ধরার সময় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে সচেতনতা ও নারীদের স্বাস্থ্যসুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান চীফ হুইপের
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার - স্বাস্থ্যমন্ত্রী
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে তা খতিয়ে দেখতে হবে - ত্রাণ মন্ত্রী
বটবা‌হিনী গতকালের নির্বাচ‌নে হে‌রে গি‌য়েও তারা বি‌ভিন্ন ধর‌নের অপপ্রচার করার চেষ্টা কর‌ছে : খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ