
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে পারিবারিক বিরোধের জেরে রুমান তালুকদার (২০) নামে এক কলেজছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত গভীর রাতে আলফাডাঙ্গা পৌর এলাকার নওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রুমান ওই এলাকার ফুলমিয়া তালুকদারের ছেলে এবং আলফাডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, পড়াশোনার পাশাপাশি রুমান প্রায়ই তাঁর মায়ের কাছে টাকা-পয়সা চাইতেন। ঘটনার রাতেও তিনি মায়ের কাছে টাকা চান। এ নিয়ে টাকা দিতে না চাওয়াকে কেন্দ্র করে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে। পরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরে তাঁর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের মা নাজমা বেগম জানান, দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে তিনি ছেলের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন।
এ সময় ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। পরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সরোয়ার বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, রুমানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের দাবি, শুধু পারিবারিক মনোমালিন্যের বিষয়টি সামনে না রেখে ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা পরিস্থিতি ছিল কি না, তা-ও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:২৮:৫৮ ৭ বার পঠিত