
প্রতিষ্ঠার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট নবী হোসেন। এদিনের ভোটে ১৮৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রেজাউল করীম খান রেজা পেয়েছেন ১৫৪ ভোট।
সদস্য পদে সর্বোচ্চ ২৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। নির্বাচিত অন্য সদস্যরা হলেন মো. জাকির হোসেন (২৮১ ভোট), অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির (২৭৫ ভোট), রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৩ ভোট) এবং ফতেহ মোহাম্মদ রেজা (২১৮ ভোট)।
১৯৭৫ সালে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর ৫১ বছরে এবারই প্রথম ইউনিটের কার্যনির্বাহী কমিটি গঠনে সরাসরি ভোট অনুষ্ঠিত হলো। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৯৭ জন। তাঁদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৩৮ জন। বিকেল ৫টার পর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পদাধিকারবলে ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন, দীর্ঘ ৫১ বছর পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ২৩:০২:১৩ ৬ বার পঠিত