![]()
শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টি করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা কেউ করলে তাতে কেউই লাভবান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘একটি কৃত্রিম সংকট তৈরির জন্যই এসব করা হচ্ছে। পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা কাজ করছে।’
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে আজ শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। আন্দোলনের প্রতি বিরোধী দলের সংহতি প্রকাশের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যায় বলেও দাবি করেন তিনি।
দলীয় কর্মসূচি সম্পর্কে রিজভী জানান, আগামীকাল শনিবার রাজধানীসহ দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র্যালি) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।
পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তাঁর দাবি, এসব ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগ উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে।
রিজভী বলেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতার সঙ্গে জড়িত। প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৩৬:২৯ ৬ বার পঠিত #জাতীয় বিপ্লব ও সংহতি দিবস #বিএনপি #রুহুল কবীর রিজভী #শ্রমিক আন্দোলন